বাগেরহাটের মোল্লাহাটে পঞ্চাশ হাজার টাকা পাওনাদার কর্তৃক এক কৃষকের ১৬ কাঠার একটি পান বরজ তালা বদ্ধ রাখা সহ টানা/তার কেটে মাটিতে মিলিয়ে দেয়ার মাধ্যমে অন্তত ১০ লক্ষ টাকা ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাসন গ্রামে মাসাধিককাল তালা বদ্ধ রাখার পর গত বৃহস্পতিবার তার/টানা কেটে দেয়ার মাধ্যমে বরজটি মাটিতে মিলিয়ে দেয়ার এ ঘটনা ঘটে।
শাসন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক/পানচাষি ফরিদ শেখ (৭০) জানান, নিজস্ব জমি না থাকায় একই এলাকার হাসমত শেখের ১৬ কাঠার একখ- জমি লিজ নিয়ে কয়েক লক্ষ টাকা ব্যয়ে সেখানে পান বরজ করেছেন তিনি। অনেক টাকা ব্যয় এবং অক্লান্ত পরিশ্রমের কারণে ওই বরজে অনেক ভালো মানের পান হয়। যেখান থেকে মাসে ৩/৪ লক্ষ টাকার পান বিক্রি করা সম্ভব ছিল। এমতবস্থায় তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাওনাদার একই এলাকার মিথুন মোল্লা (৩০) ওই বরজে তালা লাগিয়ে দেয়। কৃষক তখন পান বিক্রি করে টাকা পরিশোধ করতে চাইলেও কোনো তোয়াক্কা না করে কেবল ক্ষতি সাধনের লক্ষ্যে তালা লাগিয়ে দেয় পাওনাদার মিথুন। কৃষক আরো বলেন, মিথুনকে এহেন ন্যক্কারজনক কাজে তখন সহযোগিতা করে তার পিতা মাসুক মোল্লা, জনৈক হাকিম ও হাফিজুর সহ ৭/৮ জন দুষ্কৃতিকারী। অবশেষে গত বৃহস্পতিবার টানা/তার কেটে দিয়ে বরজের ছাউনী সহ সর্বস্ব মাটিতে মিলিয়ে দেয়। এঘটনার যথাযথ প্রতিকার দাবিতে ১/২ দিনের মধ্যে মামলা করবেন বলেও জানান ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ শেখ।
পান বরজের পাশের বাড়ির রজ্জব আলী শেখ (৬৫) জানান, মিঠুনরা পঞ্চাশ হাজার টাকা পাবে, ওই টাকা আদায়ের জন্য তারা তালা লাগিয়েছে, এ ছাড়া পান বরজটি ভেঙ্গে মাটিতে পড়ার কারণ তার জানা নাই।
এবিষয়ে মুঠোফোন মিঠুন মোল্লা জানান, তিনি তার পাওনা পঞ্চাশ হাজার টাকা দীর্ঘদিন ধরে চেয়ে আসছেন, টাকা না পাওয়ায় একপর্যায়ে ফরিদ শেখের অনুমতিতে ঈদের পর ওই পান বরজে তিনি তালা লাগান, এ ছাড়া তার/টানা কাটার বিষয়টি অস্বীকার করে মিঠুন বলেন, বরজটি ঝড়ে পড়ে গেছে।