বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর সংলগ্ন হক ক্যানেল (মরা মধুমতী) পানিতে থৈ থৈ। এই শুকনো মৌসুমেও সেই পানির মধ্যেই এক্সকাভেটর মেশিন দিয়ে দায়সারাভাবে খাল খনন কাজ করা হচ্ছে। কাজের পরিমাপ, বাজেটসহ বিবরণ সম্বলিত সাইনবোর্ড খনন এলাকায় দৃশ্যমান নেই। ফলে কাজের গুনগত মান বোঝা যাচ্ছে না বলে জানায় এলাকাবাসী। প্রায় দুই বছর বন্ধ থাকার পর উপজেলা সদর বাজার সংলগ্ন আলোচিত এই হক ক্যানেলের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ খননকাজ সম্প্রতি শুরু হলেও, কাজের বর্তমান অবস্থা দেখে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই উন্নয়ন কাজের গুনগত মান নিশ্চিত ও দৃশ্যমান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
চরকুড়ালতলা গ্রামের বাসিন্দা বর্ষীয়ান শেখ আবদুল মান্নান জানান, প্রায় ৩০-৪০ বছর পর এই খাল খনন হচ্ছে। কিন্তু এই শুকনা মৌসুমেও কেন যে পানির মধ্যে খনন কাজ করা হচ্ছে বুঝিনা। এভাবে খননের ফলে খালের তলদেশ, গভীরতা কিছুই বোঝা যায়না। এমনকি খালের কোথাও বেশি, কোথাও কম মাটি খনন করা হচ্ছে কি-না তাও বোঝার উপায় নেই। খালপাড় হতে খালের তলদেশ পর্যন্ত মাটির ধারাবাহিক স্লোব কেমন হচ্ছে- তা দেখা যাচ্ছে না। কাজটা দেখে মনে হয় দায়সারা হচ্ছে।
হক ক্যানেল সংলগ্ন কুড়ালতলার আজিজুল হক জানান, এক্সকাভেটর মেশিন যখন খালপাড়ে অবস্থান করে খালের মাটি কাটে, তখন ওই মেশিনের ভারে খালপাড় মজবুত হয়। এতে খাল বা নদীপাড়ের স্থাপনাগুলো সুরক্ষিত হয়। কিন্তু এখন পানি ভরা খালে খনন যেভাবে করা হচ্ছে তা কেবল দায়সারা বা লোক দেখানো কাজ করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সি বলেন, চিতলমারী উপজেলা সদর বাজার সংলগ্ন এই হক ক্যানেল খননের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খনন কাজের গুনগত মান দেখে গোটা এলাকার উন্নয়ন পরিস্থিতি বোঝা যাবে। তাই অন্যান্য নদী-খালের মতো মতো পানি সেচ দিয়ে এই খাল খনন করা উচিত ছিল। খালটি খননের গুনগত মানের উপর নির্ভর করে কৃষিপ্রধান এই এলাকায় খালে কেমন পানি প্রবাহ থাকবে। এছাড়া, খালপাড়ে থাকা চিতলমারী সদর বাজারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভবিষ্যতে ভেঙ্গে পড়বে কি-না সেটাও বিবেচনা করা দরকার। পানির মধ্যে খনন করার ফলে বোঝা যাচ্ছে না খনন কাজ কেমন হচ্ছে। অন্যদিকে, যে তোড়জোড়ভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছিল তা এখন ঝিমিয়ে পড়েছে। কিছু জায়গায় অবৈধ স্থাপনা রেখে খনন কাজ হচ্ছে। এটা রহস্যজনক! এলাকার মুরুব্বীদের কাছে শুনেছি, হক ক্যানেলটি এলাকার চাষাবাদ ও নৌ যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এই খননের মাধ্যমে হক ক্যানেলের সেই ঐতিহ্য ফিরিয়ে আনা দরকার।
হক ক্যানেল খননের মাঠ পর্যায়ের কাজ দেখভালকারীর দায়িত্বে রয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) আবু হানিফ। তিনি দু’একটি অবৈধ স্থাপনা খালের জায়গায় রয়ে যাওয়ার কথা স্বীকার করে জানান, আগের অবৈধ স্থাপনার উচ্ছেদের তালিকা যখন দুই বছর আগে করা হয় তখন এই ঘরগুলো ছিলনা। এখন খননকালে কুড়ালতলা এলাকায় দুই একটি ঘরের আংশিক খালের জায়গায় পড়েছে। সেগুলো নিয়মানুযায়ী উচ্ছেদ করতে হলে পুনরায় তালিকা করে কর্তৃপক্ষের অনুমতি আনতে হবে। খালের পরিমাপ প্রত্যেক জায়গায় ভিন্ন রকম। তাই সব পরিমাপ দৃশ্যমান করা সম্ভব হয়না। কেউ জানতে চাইলে বলা হয়।
খনন কাজে নিয়োজিত স্থানীয় সহকারী ঠিকাদার মোজাহিদুল ইসলাম মিলন বলেন, চিতলমারীর বরগুনি হতে নালুয়া বাজার হয়ে শিবপুর-কুড়ালতলা ব্রীজের যেখানে বর্তমানে হক ক্যানেল খনন কাজ চলছে- সেখানে খননকৃত খালের মুখের প্রস্ত হবে ৮২ ফুট এবং খালের তলদেশের প্রস্থ ২৪ ফুট হওয়ার কথা। তবে মানচিত্রের অবস্থা বিবেচনা করে কোন কোন জায়গায় কিছু কমবেশি হতে পারে।
মরা মধুমতী বা হক ক্যানেল খননের দায়িপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান শামীম ব্রাদার্সের মালিক খুলনায় অবস্থানরত এমডি শামীম আহসান জানান, ‘ভাসমান এক্সকাভেটর খালখননের জন্য অনেক ভাল। এতে পাড়ের কোন ক্ষতি হয়না। কাজের বিবরণ সম্বলিত সাইনবোর্ড এলাকায় দৃশ্যমান থাকার কথা। কেন নেই সেটা খোঁজ নিয়ে দেখবো।’
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চিতলমারীতে ‘বাগেরহাট জেলার পোল্ডার নং-৩৬/১-এর পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পে প্রায় ২৫৬ কোটি টাকা বরাদ্দে শুরু হয় মরা চিত্রা, মরা বলেশ্বর, মরা মধুমতী নদীসহ পাঁচটি নদী, ৫৫টি খালখনন এবং পাঁচটি স্লুুইসগেট নির্মাণের কাজ।