বাগেরহাটে নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককর্মীদের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাট শহরের শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে পিরোজপুর যোনের আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রহিম খান।
গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতেও অনেক কাজ করে থাকে। পিরোজপুর জোনে এ পর্যন্ত ৫ হাজার ৫০৮জন শিক্ষার্থীকে টক কোটি ৫৮ লাখ টাকা বৃত্তি প্রদান করেছেন। পরিবেশ রক্ষায় ১১ লক্ষ চারা রোপন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও নানা কর্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মিলন মেলায় গ্রামীণ ব্যাংক পিরোজপুর যোনের ৬৮টি শাখার ৩৮৬জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বাগেরহাট ও পিরোজপুর জেলা মিলে গ্রামীণ ব্যাংকের পিরোজপুর যোন।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সোনার বাংলা হবে ক্ষুদা মুক্ত, দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ। যেখানে মানুষ খেয়ে-পরে সুখে শান্তিতে বসবাস করবে। গ্রামীন ব্যাংকের প্রধান অঙ্গীকার হচ্ছে দারিদ্র বিমোচন করা। এবং মানুষকে উন্নত জীবন যাপনে সহায়তা করা। আমাদের দেশে এখন গ্রামীনের সদস্য সংখ্যা ৯৮ লাখ। এই ৯৮ লাখ সদস্যের সাথে ৯৮ লক্ষ পরিবার জড়িয়ে আছে। সব কিছু মিলিয়ে আমরা যে গ্রামীন সেবাগুলো দিচ্ছি তা প্রত্যান্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রহিম খান বলেন, গ্রামীন ব্যাংক এর পিরোজপুর জোন একসময় পিছিয়ে ছিল। তবে বর্তমানে পিরোজপুর জোন বেশ ভালো করছে। দেশের মধ্যে এ বছরে পিরোজপুর জোনের অবস্থান ২য়। আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই। এবং একারনেই আজকে পিরোজপুরের জোনের সকল সদস্যদের নিয়ে এই মহা মিলন মেলা। দারিদ্র বিমোচন-ই আমাদের মূল উদ্দেশ্য।