নীলফামারীর জলঢাকায় চার অফিসের দায়িত্বে একজন সাবরেজিস্টার। তিনি শুধুমাত্র একদিন জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির কাজ সম্পাদন করেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা-বিক্রেতা।
জানা যায়, জলঢাকা সাব-রেজিস্ট্রার সপ্তাহে একদিন রোববার খন্ডকালীন মীরগঞ্জ ক্যাম্প অফিস ও সোমবার জলঢাকায় অফিস করেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে মঙ্গলবার চিলাহাটি, বুধবার ও বৃহস্পতিবার ডিমলায় অফিস করেন।
ধর্মপাল ইউনিয়নের হাজী পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কৈমারী ইউনিয়নের বড়ঘাট এলাকার মিলার মাজেদুল ইসলাম, গোলনা ইউনিয়নের বাবু বাজার এলাকার ব্যবসায়ী ছানারুজ্জামানসহ অনেক ভুক্তভোগী ক্ষোভের সাথে বলেন জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের মত একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি অফিস এভাবে চলতে পারে না। সপ্তাহের প্রতিদিনেই এ অফিসে দলিল সম্পাদন হওয়া প্রয়োজন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।
জলঢাকা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার জানান, জলঢাকা একটি বড় সাব-রেজস্ট্রি অফিস, এই অফিসে প্রতিদিন দলিল সম্পন্ন হলে জমি ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি কমে যেত। তিনি আরো বলেন, আমি নীলফামারী জেলা রেজিস্ট্রারকে এ সমস্যার কথা জানিয়েছি।
অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে জলঢাকা সাব-রেজিস্ট্রার মনীষা রায় জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আমি চিলাহাটি ও ডিমলায় দায়িত্ব পাালন করে আসছি। সরকার আমাকে যে অফিসের দায়িত্ব দিবেন, তাই আমাকে পালন করতে হবে।
জেলা রেজিস্ট্রার সাখাওয়াত হোসেন জানান, মাত্র দুইজন অফিসার দিয়ে ছয়টি অফিস পরিচালনা করতে হচ্ছে। অফিসার সংকটের কারণে সবগুলো রেজিস্ট্রি অফিস এভাবে চালাতে হচ্ছে। নতুন অফিসার যোগদান করলে এ সমস্যা আর থাকবে না।
তাছাড়া এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত সময়ে নতুন অফিসার যোগদান করবেন। আর নতুন অফিসার যোগদান করলে সকল সমস্যার সমাধান হবে।