কিশোরগঞ্জের কটিয়াদীতে মালবাহী পিকআপের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষেও দুর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, সিএনজিচালক শিপন মিয়া (২২) এবং সিএনজির দুই যাত্রী জামাল মিয়া (৩২) ও সবুজ মিয়া (৫০)। তাদের মধ্যে সিএনজিচালক শিপন মিয়া জেলার কুলিয়ারচর উপজেলার নূরুল আমিনের ছেলে।
এছাড়া নিহত দুই সিএনজি যাত্রীর মধ্যে জামাল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর গ্রামের ফজলুর রহমানের ছেলে ও সবুজ মিয়া একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। অন্যদিকে শরীফ মিয়া (২৭) নামে আরো একজন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায় বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার ভোগপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালক শিপন মিয়ার মৃত্যু হয়।
এছাড়া গুরুতর আহত অবস্থায় সিএনজির তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে তাদেরকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এছাড়া সবুজ মিয়া ও শরীফ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে সবুজ মিয়া মারা যান। এ ছাড়া শরীফ মিয়ার অবস্থাও আশঙ্কাজনক।