রূপসার তিলক মৌজায় ক্রয়কৃত সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও ঘেরা-বেড়া ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ভুক্তভোগী হাসিনা বেগম ৮ জুন বুধবার বেলা ১১টায় মো. সেলিম শেখ (৫৫), মো. মাসুম শেখ (৫০) ও মো. ইমরান গাজী সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, রূপসার তিলক মৌজায় ৮ জুন বুধবার ভোর রাতে প্রতিপক্ষরা জমির ঘেরা-ভেড়া ভাংচুর করে এবং বাঁশ ও নেট কেটে দেয়। এমনকি ভুক্তভোগীদের মারপিট করবে বলেও উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি প্রদান করে।
পরে ওইদিন দুপুরে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে সম্পত্তি হারানোর আংশকার ভয়ে ভুক্তভোগী হাসিনা বেগম গত ১৫ ফেব্রুয়ারী খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ওই প্রতিপক্ষ মৃত খোরশেদ শেখের পুত্র মো. সেলিম শেখ ও মো. মাসুম শেখকে বিবাদী করে মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ সকালে রূপসা থানা পুলিশ ওই সম্পত্তিতে গিয়ে স্বরেজমিন তদন্ত করে নিষেধাজ্ঞা (১৪৪/১৪৫) ধারা জারি করা হয়। গত ১০ মার্চ বেলা সাড়ে ১১ টায় উপজেলার ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদে উভয়পক্ষদের নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের উপস্থিতিতে প্রথম দফা সালিশ হয়। পরে ১২ মার্চ সন্ধ্যায় একই ইউপি চেয়ারম্যান, মেম্বর ও নৈহাটী ইউপি'র মেম্বর সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্পত্তির স্বরেজমিনে গিয়ে উভয় পক্ষকে নিয়ে পূনরায় সালিস করা হলেও বিবাদীরা সেই সালিশ মেনে নেয়নি বলে ভুক্তভোগীরা জানায়। এমনকি এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী হাসিনা বেগম গত ২২ ফেব্রুয়ারী তাদের বিরুদ্ধে খুলনার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দাখিল করে। এছাড়াও খুলনা প্রেসক্লাবে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করা হয়। উল্লিখিত জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ ২২ বছর ধরে তারা সেখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। ভুক্তভোগী হাসিনা বেগম উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর মোমিন বাগ এলাকার আবুল কালাম সরদারের স্ত্রী।