ভৈরবে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গরিবের ডাক্তার খ্যাত বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, কাকলি খেলাঘর আসরের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ডা.নলিনী রঞ্জন দাস এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে কাকলী খেলাঘর আসর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় কাকলী খেলাঘর আসর ভৈরব এর উপদেষ্টা অধ্যাপক শরীফ আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান, চিকিৎসক ডা.ইন্দ্রজিৎ চন্দ্র দাস।
ভৈরবের ঐতিহ্যবাহী শিমূলকান্দি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন তাঁদের পরিবার। গ্রামের অনগ্রসরমান জনগোষ্ঠির লোকজনের সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসে বাবার দেওয়া স্কুলটি তিনি আমৃত্যু দেখ-ভাল করেছেন। পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন বহু বছর। তাঁর রোজগারের অধিকাংশ টাকা তিনি অকাতরে বিলিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে।
এ সময় বক্তরা তাদের বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে ভৈরবে হানাদার ও রাজাকার প্রতিরোধ কমিটি গঠনের প্রথম সভাটি হয় তাঁর বাড়িতে। সেই কারণে পাকবাহিনী তাঁর বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। রাজাকাররা হামলা চালায় সেখানে। কিন্তু তাঁকে এইসব হামলা পিছু হঠাতে পারেনি লক্ষ্য থেকে। স্বাধীনতাযুদ্ধের পুরো ৯মাস তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন বিনে পয়সায়।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক-শিক্ষক মো. নজরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মো. শরীফ হোসেন, লেখক অধ্যাপক মো. শহিদুল্লাহ, সাংবাদিক ও লেখক আসাদুজ্জামান ফারুক, ডা: সুধীর দাস, হাজী আফিকুল ইসলাম হারিছ, প্রধান শিক্ষক মোক্তার হোসেন, সাংবাদিক মোস্তাফিজ আমিন, মো. আলাল উদ্দিন, আদিল উদ্দিন আহমেদ প্রমূখ। স্মরণসভায় ডা: নলিনী রঞ্জন দাসের পরিবারের সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন তাঁর কনিষ্ঠপুত্র অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব।