দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য পলি আক্তারকে এলাকার বখাটে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়নের সংরক্ষিত ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য পলি আক্তার (৩১) সোমবার দুপুর ২ টার দিকে সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে তাঁর স্বামীসহ ভ্যানযোগে বাড়ি ফেরার পথে কিছু বখাটে সন্ত্রাসী যুবক পলি আক্তারকে কটুক্তিমূলক মন্তব্য করে। পলি আক্তার ও ভ্যানে থাকা পলি আক্তারের স্বামী জাহান মোল্লা বখাটে সন্ত্রাসী যুবকের কাছে কটূক্তির বিষয় জানতে চাইলে তারা কিছু বুঝে ওঠার আগেই ৭/৮ জন চিহ্নিত সন্ত্রাসী যুবক মিলে পলি আক্তার ও তার স্বামী জাহান মোল্লাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারে ও পিটিয়ে গুরুতর আহত করে। মারধর করার একপর্যায়ে মহিলা ইউপি সদস্য পলি আক্তার মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্বামী জাহান মোল্লা ও পলি আক্তারকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অসে। এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী পলি আক্তারের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানাগেছে।