বাগেরহাট বাস মালিক সমিতি কর্তৃক শরণখোলা থেকে দুরপাল্লার পরিবহন বন্ধের প্রতিবাদে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় শরনখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪৮ঘন্টার মধ্যে পূর্বের ন্যায় দুরপাল্লার পরিবহন চলাচল করতে না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন করার ঘোষনা দেয়া। সোমবার (৬জুন) সকাল থেকে হঠাৎ দূরপাল্লার সকল পরিবহন চলাচল বন্ধ করে দেয় আন্তঃ জেলা বাস মালিক সমিতি। ফলে চরম ভোগান্তিতে পড়ে শরণখোলা ও মোরেলগঞ্জ দুই উপজেলার হাজার হাজার কর্মজীবি ও সাধারণ যাত্রী।
সভায় শরনখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরনখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, শিক্ষক আক্তারুজ্জামান তালুকদার, পরিবহন কাউন্টার পরিচালক মোঃ জামাল আকন, মাসুদ জোমাদ্দার, মোঃ গুলজার হাওলাদার, আবু তালেব বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাগেরহাট বাস ও মিনিবাস মালিক সমিতি একটি পত্রের মাধ্যমে নোটিশ দিয়ে ৬ জুন থেকে ঢাকা, চট্ট্রগ্রামসহ দূর পাল্লার পরিবহন বন্ধের ঘোষনা দেন। এরপর সোমবার সকাল থেকে শরণখোলা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাগেরহাট বাসস্ট্যান্ডে আটকে দেয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপাক প্রতিক্রিয়া শুরু হলে মালিক সমিতির একটি সভা করে শর্তসাপেক্ষে সিমিত পরিসরে পরিবহনগুলি ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে ৮জুন তারা চুড়ান্ত সিদ্ধান্ত দিবেন বলে ঘোষনা দেন। মালিক সমিতির এ ঘোষনা মানবাধিকার লঙ্গনের সামিল।
তারা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পূর্ব মুহুর্তে উপজেলা পর্যায়ে পরিবহন বন্ধ করার অপতৎপরতা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। শরনখোলা ও মোরেলগঞ্জ থেকে দুইটি বাস পরিবর্তন করে বাগেরহাট যেয়ে দুরপাল্লার পরিবহনে উঠতে মানুষ চরম ভোগান্তিতে পড়বে। তাই বুধবার থেকে পূর্বের মতো স্বাভাবিক ভাবে দুরপাল্লার পরিবহন চলাচলে বাধাঁর সৃষ্টি করা হলে ৯জুন থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলে ঘোষনা দেন তারা।
উল্লেখ্য, গত ৩ জুন আন্তঃ জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশ রোববার বিকেলে দূর পাল্লার সকল পরিবহন মালিক, ম্যানেজার কাউন্টার পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরন করা হয়। এই নোটিশে উপজেলা পর্যায় থেকে দূরপাল্লার পরিবহন চলাচল না করার নিদের্শনা প্রদান করে। এ খবর ছড়িয়ে পড়লে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগমূহুর্তে দূর পাল্লার পরিবহন বন্ধের এই খামখেয়ালি সিদ্ধান্তের ঘোষানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
এর আগেও ২০১১ সালে একবার উপজেলা সদর থেকে দূর পাল্লার পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা মালিক সমিতি। তখন প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ ছিল পরিবহন চলাচল। সে সময়ও ব্যাপক আন্দোলন হয় এবং এ নিয়ে হাই কোর্টে একটি রিট করা হলে আবার চালু হয় পরিবহন চলাচল।