নীলফামারীর সৈয়দপুরে বিপদজনক অবস্থায় রয়েছে একটি পাকুর গাছ। যে কোন সময় এ গাছটি ভেঙ্গে পড়ে প্রানহানির ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। গাছের নিচের বেশ কয়েকজন দোকানদার তাদের দোকান বন্ধ করে অলস সময় পার করছেন। তাদের ধারনা গাছটি যদি ভেঙ্গে তাদের দোকানে পড়ে তাহলে নির্ঘাত মৃত্যু হতে পারে। তাই তারা দোকান বন্ধ রেখেছেন।
শহরের রেলওয়ে স্টেশনের পুর্বদিকে মসজিদ সংলগ্ন স্থানে রয়েছে সরকারী একটি পাকুর গাছ। গাছটির বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে জানালেন সাবেক প্যানেল মেয়র -১ জিয়াউল হক জিয়া। তিনি বলেন গাছটি সরকারী। অনেক পুরনো হওয়ায় গাছটির গোড়া দুর্বল হয়ে হেলে পড়েছে। গাছের নিচে রয়েছে বেশ কয়েকটি দোকান। তাছাড়া গাছের মগ ডাল গেছে বিদ্যুতের তেত্রিশ হাজার ভোল্টের সার্ভিস তারের ওপরে। গত বর্ষার সময় প্রচন্ড বাতাসে হেলে পড়েছে গাছটি। এটি যদি হঠাৎ করে পড়ে যায় তাহলে বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে মারাত্বক অগ্নিকা- ঘটতে পারে। এতে ঘটতে পারে প্রানহানির ঘটনা।
দোকান মালিক মন্টু, শরিফ ও নুরু জানান আমরা এখানের ব্যবসায়িরা প্রতিনিয়ত একটা আতংকের মধ্যে রয়েছি। বেশ কয়েকজন দোকান বন্ধ রেখেছে। না জানি গাছটি কখন পড়ে যায় এবং কি দুর্ঘটনা ঘটে।
তারা গাছটি তুলে নিতে রেলওয়ের আইওডব্লিউ শরিফুল ইসলাম ও এ ইএন আহসান হাবিব বরাবর আবেদন করেছেন। পাশাপাশি সৈয়দপুর বনবিভাগ কর্মকর্তাকেও অনুলিপি দিয়েছেন। কিন্তু কাজের কাজ হচ্ছে না কোন।
এ ব্যাপারে রেলওয়ের আই ও ডব্লিউ জানান,সরকারী গাছ কাটতে হলে নিয়ম মেনে তা করতে হবে। গাছটি অতি পুরনো হওয়ায় গোড়া নষ্ঠ হয়ে গেছে। হেলেও পড়েছে অনেকটা। আমরা এ ব্যাপারে যথাযথ নিয়ম মেনে যত দ্রুত সম্ভব জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।