প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনের নেতৃত্বে পৌরসদরের হাপানিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয় বিএনপি ও ছাত্রদল। দেশ বিরোধী, রাজাকার, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে।
বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা তার উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধা দেওয়ার চেষ্টা করছেন। একটি পক্ষ রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য কুৎসা রটিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপচেষ্টা আমরা কোন দিনই সফল হতে দিব না। অভিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন আনার, অ্যাডভোকেট মিনহাজুল হক খোকা, রফিকুল ইসলাম রবি, ফজলুল হক ফিরোজ, এনামুল হক, বদরুল আমীন ফরহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।