খুলনায় মানবাধিকার সংগঠনের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নেশা করার অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষনিক কারাদ- এবং মাদক ব্যবসার অভিযোগে অপর জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় নগরীর ফারাজীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় গাজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি মানবাধিকার সংগঠনের মনোগ্রাম সম্বলিত পতাকাসহ একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের পরিদর্শক মোঃ আতাউর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ। আটককৃতরা হচ্ছে- নগরীর সোনাডাঙ্গা থানাধীন হাজী ইসমাইল এলাকার বাসিন্দা আব্দুল্লাহ’র পুত্র আরিফ হোসেন (৩০), রূপসার আইচগাতী এলাকার বাসিন্দা মফিজুল ইসলামের পুত্র মোঃ কামরুজ্জামান শাওন (২১), ফাড়াজি পাড়ার (হোল্ডিং নং-৩) বাসিন্দা মৃত আমীর হোসেনের পুত্র শেখ জাহাঙ্গীর কবির (৪৬) এবং তার ভাই শেখ শাহজাহান কবির মিঠু (৪৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার খ সার্কেলের পরিদর্শক মোঃ আতাউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফারাজী পাড়া ৩নং হোল্ডিংয়ের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মাদক সেবন করার সময় আরিফ হোসেন, কামরুজ্জামান শাওন এবং শেখ জাহাঙ্গীর কবির এবং মাদক বিক্রেতা শেখ শাহজাহান কবির মিঠুকে আটক করা হয়। তারা গাজা ও ফেন্সিডিল সেবন করছিল। এ সময় কবিরের কাছ থেকে ৫০ গ্রাম গাজা এবং মিঠুর কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরিফকে এক মাসের কারাদ- ও ৪ হাজার টাকা জরিমানা, শাওনকে ৫০০ টাকা জরিমানা ও ১০ দিনের কারাদ- এবং শেখ জাহাঙ্গীর কবিরকে ৩ মাসের কারাদ- ও এক হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ছাড়া শেখ শাহজাহান কবির মিঠুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।