অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক সরে দাঁড়ানোর কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
তার সাথে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। এই নিয়ে তৃতীয় বারের মতো বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব পেলেন সাকিব আল হাসান।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু হচ্ছে সাকিব-লিটন জুটির নেতৃত্ব। এর আগের দুই দফায়ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সাকিব টেস্ট অধিনায়কত্ব শুরু করেছিলেন। সে দুবারে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ।
২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ মাশরাফি বিন মর্তুজার চোটে আর কোনো উপায়ন্ত না থাকায় সাকিবকেই দেওয়া হয় টেস্ট দলের অধিনায়কত্ব। সে দফায় সাকিব ২০১১ সালের জিম্বাবুয়ে সফর পর্যন্ত নেতৃত্ব দেন। জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার দায় দিয়ে তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়।
পরে ২০১৮ সালে আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে দায়িত্ব দেওয়া হয়। সেবার মাত্র চার ম্যাচ নেতৃত্ব দিতে পেরেছেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার আগে শেষ ম্যাচেও সাকিব ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর নিয়মিত টেস্ট খেলা নিয়ে সাকিবের মধ্যে একপ্রকার অনীহাই দেখা দেয়। তবে এবার সাদা পোশাকের ক্রিকেটে গুরুত্ব দেওয়ার ইচ্ছে থেকেই অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন সাকিব। সেই ওয়েস্ট ইন্ডিজ দিয়েই শুরু হচ্ছে তার তৃতীয় দফার দায়িত্ব।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রিকেট প্রেমিক লোকজনসহ মাগুরাবাসী। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমিক লোকজন বিসিবির কর্মকর্তাদের প্রতি।