স্কুলে আসা যাওয়ার পথে কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিকার চেয়ে রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে তার মা হ্যাপি বেগম। ২ জুন সকালে এই লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে, রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামের জনৈক বাসিন্দার মেয়ে (১২) নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীতে লেখাপড়া করছে। দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা মোক্তাদুল ইসলামের পুত্র ফয়সাল ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসতে থাকে। যার কারণে স্কুলে যাতায়াতে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয়। বিষয়টি নিয়ে এলাকার জন প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের বার বার অবহিত করেও কোন সমাধান পায়নি বলে অভিযোগে উল্লেখ করেছেন শিক্ষার্থীর মাতা হ্যাপি বেগম।
লিখিত অভিযোগে আরো জানা যায়, বিগত কয়েকদিন পূর্বে মেয়েটি স্কুল থেকে বাড়ী আসার পথে ফয়সাল তার গতিরোধ করে স্কুলব্যাগ কেড়ে নেয়। তারপর বিভিন্নভাবে কটু কথাসহ শারীরিক ও মানষিক ভাবে উত্ত্যক্ত করে। যার কারণে বর্তমানে মেয়েকে স্কুলে পাঠাতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তাই বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া তাসনিম বলেন, বিষয়টি আমি জেনেছি।
স্থানীয় ইউপি সদস্যকে খোঁজ নিতে বলেছি। সত্যতা যাছাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।