লক্ষ্মীপুরে রামগতিতে মাছবাহী পিকআপ ভ্যান উল্টে দুই জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো চার জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্যকম্পলেক্য্র ও নোয়াখালি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতরা হলেন রামগতি উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৪৫) ও একই গ্রামের এনামুল হকের ছেলে গিয়াস উদ্দিন (৪০)। বৃহস্পতিবার (২ জুন) সকালে রামগতি আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পুকুর থেকে মাছ ধরে পিকআপ নিয়ে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন কয়েকজন জেলে। এ সময় রামগতি আজাদনগর এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বেলাল ও হাসপাতালে আনার পর গিয়াস মারা যায়। ঘটনাস্থল থেকে আরো ৪ জেলেকে আশঙ্কাজনক অবস্থায় রামগতি ও নোয়াখালী হাসপাতালে নেয়া হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে।