কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) দুপুরে পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার হাজী জাফর আলী কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাজী জাফর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সামসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা মূলক বক্তব্য দেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।
প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, শিক্ষক পরিষদের সচিব মাহবুবুল হুদা সোহেল, আওয়ামী লীগ নেতা ও কলেজ গভর্নিং বডির সদস্য জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা এনামুল হাসান রাজিব, পাকুন্দিয়া থানার এসআই নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, জঙ্গি, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সকল শিক্ষার্থীদের সচেতনতা প্রয়োজন। শিক্ষার্থীদের সহযোগিতায় সন্ত্রাস মুক্ত সুস্থ্য সমাজ গড়ে উঠবে এবং দেশ ও জাতির উন্নয়ন হবে। এ সময় হাজী জাফর আলী কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী শপথ গ্রহণ করে।