নাটোরের লালপুরের বিলমাড়ীয়ায় “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় চক্রের আরো ৩ সদস্য কে আটক করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ১২টায় উপজেলার মহারাজপুর গ্রামের পাকার মোড় এলাকায় অভিযান চালায়।
এসময় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৩ জন সদস্যকে আটক করে।
আটককৃতরা হলো লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের সাহাবুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনি (২৫), মোহরকয়া ভাঙ্গা পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে রবিউল ইসলাম (২২), নাগশোষা গ্রামের সাজদার রহমানের ছেলে আরিফুল ইসলাম (৩০)।
এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ৯টি সিম কার্ড জব্দ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোনোয়ারুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।