বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখী শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের ক্যাডারদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাছিবের নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদ, বাজার ও থানার সম্মুখ দিয়ে পূর্বপাড়া বালুর মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাছিব প্রমুখ। বক্তাগণ ক্যাম্পাস অভিমুখি ছাত্রদলের মিছিলে হামলাকারীদের তীব্র নিন্দা জানান এবং আগামী দিনে কঠোর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে হটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই কর্মসূচির অংশ হিসাবে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আশিকুর রহমানের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। একই কর্মসূচির অংশ হিসাবে কটিয়াদীতে ছাত্রদলের দুই গ্রুপের পৃথক মিছিল নিয়ে বিএনপি থেকে নির্বাচিত বর্তমানে দল থেকে বহিস্কৃত সাবেক জাতীয় সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন তার ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকে কটিয়াদিতে ছাত্রদলের দুটি আলাদা মিছিল হয়েছে। এটা কোনভাবেই মেনে নেয়া যাবে না। আমি কটিয়াদিরের বিএনপি ভাবাপন্ন একজন সাধারন নাগরিক হিসাবে স্পষ্ট করে বলে দিতে চাই আজ থেকে কটিয়াদিরের মাটিতে বিএনপির আলাদা কোন রাজনৈতিক কর্মসূচি চলতে পারবে না। আমি বিএনপি থেকে বহিস্কৃত হলেও আমি কটিয়াদিরের বিএনপির সন্তান। বিএনপি আমার রক্তে।