গাজীপুরের কালীগঞ্জে সামাজিক উন্নয়নমূলক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা গাজীপুর সমাজ সেবা কার্যালয় কর্তৃক নিবন্ধন পাওয়ায় বিশেষ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে।
শুক্রবার (২৭ মে) বিকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলন ও মতবিনিময় সভায গাজীপুর সমাজ সেবা কার্যালয় কর্তৃক সংগঠনের নিবন্ধন পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এবং বিগত বছর ও ভবিষ্যতের বিভিন্ন সামাজিক কর্মকা- তুলে ধরেন।
কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাশহুদুর রহমান সাজেদ জানান, ২০১৯ সালের ২০ অক্টোবর সামাজিক উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করার মনোভাব নিয়ে স্থানীয়ভাবে একটি সংগঠনের চিন্তা করেন সংগঠনের বর্তমান কমিটির কয়েকজন কর্মকর্তা। তবে এর সাথে প্রবাসীদের যুক্ত করার একটি বিশেষ চিন্তা ছিল সংগঠনের সকল নেতৃবৃন্দের। আর সেই চিন্তা থেকে ওই বছরের ০৫ নভেম্বর সংগঠনের নাম রাখা হয় কালীগঞ্জ স্বদেশী-প্রবাসী কল্যাণ ফোরাম। ১৫ ডিসেম্বর কালীগঞ্জ স্বদেশী-প্রবাসী কল্যাণ ফোরামের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। কালীগঞ্জ স্বদেশী-প্রবাসী কল্যাণ ফোরামের কার্য নির্বাহী কমিটি সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর থেকে নাম নিবন্ধনের সিদ্ধান্ত নেন। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় সংগঠন নিবন্ধনের আবেদন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়। জেলা সমাজসেবা অফিসের আপত্তির কারণে সংগঠনের প্রবাসী শব্দটি বাদ দিতে হয়। প্রস্তাব আসে অন্য নামে নিবন্ধনের। তাই কমিটির নতুন নামের প্রস্তাব আসে ‘‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা’’। সংগঠন নিবন্ধনের আবেদন আবারও পাঠানো হয় গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ে। জেলা সমাজসেবা অফিস প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ২১ এপ্রিল ২০২২ইং তারিখে সংগঠনের নামে নিবন্ধন নম্বর প্রদান করেন। যার রেজিঃ নং গা-০৮৪৫। সাধারণ সম্পাদক বলেন, বিগত দিনে কালীগঞ্জ স্বদেশী-প্রবাসী কল্যাণ ফোরামের ব্যানারে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করলেও সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন পাওয়ার কারণে এখন থেকে ‘‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা’’ নামে সকল কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সংগঠন বিগত সময়ে কালীগঞ্জ স্বদেশী-প্রবাসী কল্যাণ ফোরামের ব্যানারে উপজেলার কালীগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, কবরস্থান, মন্দির, গির্জা ছাড়াও বিভিন্ন রাস্তা-ঘাটের পাশে সামাজিক বনায়নের কর্মসূচির অংশ হিসেবে ১২ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপনের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের (মেয়র, চেয়ারম্যান, মেম্বার) সম্পৃক্ত করা হয়। সংগঠন প্রতিষ্ঠার পরপরই সারাবিশে^র ন্যায় বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। তাই করোনাকালীন সময়ে পোস্টারিং করার মাধ্যমে স্থানীয়ভাবে জনসচেতনতা বৃদ্ধি করা হয়। এছাড়াও অসহায়, দুঃস্থ ও গরীব মানুষকে বিনামূল্যে কোভিড ১৯ পরীক্ষা ব্যবস্থা করার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষে কালীগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিনামূল্যে প্রায় ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। সেখানেও স্থানীয় জনপ্রতিনিধিদের (মেয়র, চেয়ারম্যান, মেম্বার) সম্পৃক্ত করা হয়। ছিন্নমূল অর্ধশত শিশুর মাঝে জামা-কাপড় বিতরণ ছাড়াও অসহায়, দুঃস্থ ও গরীব মানুষকে চিকিৎসা সহায়তা এবং মাদ্রাসা ও এতিমখানায় মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও সম-সাময়িক কর্মসূচির বাহিরেও সংগঠনটি এ পর্যন্ত ৬ জন শারীরিক প্রতিবন্ধীদের কৃত্তিম হাত-পা প্রতিস্থাপনের সহায়তা করেছে। একই কর্মসূচির আওতায় আছে আরো বেশ কিছু শারীরিক প্রতিবন্ধী। শুধু সামাজিক বা সমাজসেবামূলক কাজ নয় নিজেদের দায়বদ্ধতা থেকে দেশের জাতীয় দিবসগুলোতেও সংগঠনের পক্ষ থেকে তা পালন করা হয়।
এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ এড. রাসিদুল হাসান রুবেল এর সঞ্চালনায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে সংস্থার সহ-সভাপতি এড. মো. আতিকুর রহমান, মো. সিরাজুল ইসলাম খোকন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রফিক সরকার, আশরাফুল হক সোহেলসহ সংগঠনের প্রায় ৬০জন সদস্য উপস্থিত ছিলেন।