'ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল' এ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন শুরু হয়েছে।
রোববার সকালে উপজেলা ভূমি অফিসের চত্তরে বুথ স্থাপন করে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশিত সব কার্যক্রম বাস্তঙবায়ন করা হচ্ছে। ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ এ প্রতিপাদ্য সামনে রেখে চলমান নানা কার্যক্রমের অগ্রগতি সাধিত হয়েছে।
সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা বলেন ভূমি সেবা সপ্তাহ উদযাপনে উপজেলা ভূমি অফিস ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত কোন কাজে যে কোন ধরনের সহযোগিতায় কোন দালালের স্মরণাপন্ন না হয়ে আমাদের কাছে আসবেন। পরে ৪০ জন সেবা গ্রহীতাকে নামজারী খতিয়ান ও ডিসিআর প্রদান করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মহসীন কবীর।