বগুড়ার সারিয়াকান্দিতে স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে বাড়ী থেকে অপহরণকারীদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ফুলবাড়ী ইউনিয়নের রামনগর মন্ডলবাড়ী গ্রামের মৃতঃ ফুল মন্ডলের ছেলে মোঃ ডন (৩১) আমতলী গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব (২০)। অপহৃত রনি মিয়ার বড় ভাই আবদুল মোমিন বলেন, মঙ্গলবার সকাল ৮টায় হাটশেরপুর ইউনিয়নের চর নয়াপাড়া গ্রামের হান্নান প্রামানিকের ছেলে, রনি মিয়া (১৬) থ্রিহুইলার সিএনজির যোগে বগুড়া জামিলনগর মামার বাড়ী বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেড় হয়। পথিমধ্যে সকাল ৯টায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে অপহরণকারীরা রামনগর গরুমারা ব্রিজের নিকট গাড়ীর গতি রোধ করে। রনি মিয়ার সাথে কথা আছে বলে নেমে নিয়ে চালকসহ সিএনজির অন্যান্য যাত্রীদেরকে বিদায় করে। পরে রনি মিয়াকে অন্য একটি সিএনজি যোগে ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গোয়ালবাতান গ্রামের দিকে নিয়ে যায়। এ সময় জীবন নাশের ভয়-ভীতি দেখিয়ে রনি মিয়াকে দিয়ে বাবা-মার কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ চায়। তা না দিলে তাকে মেরে ফেলা হবে বলে রনি মিয়া বাবা-মাকে জানায়। ওই দিন মঙ্গলবার রনি অপহৃত হয়েছে বলে স্বজনরা সারিয়াকান্দি থানার স্মরণাপণ্য হয়। রাতেই মুক্তিপণ চাওয়া মোবাইল ফোন নম্বরটি ট্যাগ করে পুলিশ অভিযান চালায় এবং সারারাত অভিযান শেষে পুলিশ ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রাম থেকে অপহৃত রনি মিয়াকে উদ্ধার করে। একই সময় পুলিশ দুই অপহরণকারীকেউ গ্রেপ্তার করে। পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবর আলী বলেন, মঙ্গলবার অভিযোগ পাওয়ার পরপরই তাকে উদ্ধারের জন্য পুলিশের একটি চৌকষ দল রাত-ভর অভিযান চালায় এবং অপহৃতকে উদ্ধার সহ মূল ২ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অপহৃত রনি মিয়া (১৬) উপজেলার হাটশেরপুর উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।