মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশার যাত্রী আলী হোসেন (৫২) নামের এক ব্যাক্তিকে ভাড়া নিয়ে দ্বন্দ্বে কিল ঘুসি মেরে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত আঃ জব্বার দেওয়ানের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, ইছাপুরা থেকে লালবাড়ি ভাড়া ৫ টাকা, ভাড়া ১০ টাকা চাওয়ায় চালকের সাথে ঝগড়া হয়, এক পর্যায় হাতাহাতি। পাশের আরেকটি অটোরিকশা চালক এসে দুই চালক মিলে এলোপাতাড়ি কিল ঘুসি মারলে মাটিত লুটিয়ে পরে। আসপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. জসিম উদ্দিন জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মারামারির রোগি শুনে পুলিশকে ফোন দিয়েছি, তারা লাশ নিয়ে গেছে।
থানা ওসি একেএম মিজানুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।