রমজান মাসের শেষ মূহুর্তে এসে বাগেরহাটের চিতলমারী সদর বাজারে ঈদের কেনা-কাটা জমজমাট হয়ে উঠেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতা বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। ছেলে-বুড়ো আর নারী-পুরুষ সবাই ছুটছেন নিজেদের পছন্দের সামগ্রী কিনতে। বাজারের গার্মেন্টস গুলোতে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে কেনা-বেচা। এসব দোকানগুলোতে বিভিন্ন দেশি কাপড়ের পাশাপাশি বিদেশী কাপড়ও বিক্রি হচ্ছে। তবে ঈদকে ঘিরে আমদানিকৃত পোষাকগুলো চোখে পড়ার মত। এবার বাজারে কাঁচা বাদাম থ্রি-পিচ ও প্যান্টের প্রতি সেীখিন ছেলে মেয়েদের বেশ চাহিদা বেড়েছে। বাজার পরিস্থিতি নিয়ে কথা হয় স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে; তারা জানান কেনা-বেচা মোটামুটি ভালো।
গরমের কথা চিন্তা করে ক্রেতারা সূতি কাপড়ের দিকে বেশি ঝুঁকেছেন। ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের নামে মেয়েদের পোশাক বেশ ভালই বিক্রি হচ্ছে বলে জানালেন ওইসব দোকানীরা। মহিলাদের পোশাকের মধ্যে মুখেমুখে সাড়া জেগেছে ; কাঁচা বাদাম, ভানুমতি, রাখী-বন্ধন, গাউনের থ্রীপিস, জলপরী ও সাতভাই চম্পা। ভারতীয় গাউনের চাহিদা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে দেশীয় বসুন্ধরা সহ অনেক গ্রুপের পোশাকেরও বেশ চাহিদা রয়েছে।
মেয়েদের এসব পোশাক দেড় হাজার থেকে শুরু করে চার হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। অপরদিকে ছেলেরাও পিছিয়ে নেই। তাদের প্যান্টের মধ্যে ডফ, হিরো, কেন্দীড্ড ও টাইগার বেশি চলছে। ছয়শ’ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত ছেলেদের এসব প্যান্ট বিক্রি হচ্ছে। ছোট বাচ্চাদের পাঞ্জাবী, ফতুয়া, শার্ট এবং টি-শার্টসহ বিভিন্ন রকমারি পোশাক বেশ ভালই বিক্রি হচ্ছে।