প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘরসহ জমির দলিল হাতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের মনির হোসেন। এ সময় তিনি বার বার দু’ হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মনির হোসেন নূরপুর গ্রামের জমাদ্দারবাড়ি মসজিদের মোয়াজ্জেম। যে বেতন পান তা দিয়ে ছয় জনের সংসারই চলাতে পারেন না। নিজের বাড়ি আর ঘর না থাকায় তিনি পরিবার নিয়ে পাশ্ববর্তী কুড়িপাইকা গ্রামের আলী আশরাফ মিয়ার বাড়িতে থাকেন। অসহায় হওয়ায় বাড়ির মালিক তার কাছ থেকে ভাড়া নেন না।
দৃষ্টি প্রতিবন্ধী মনির হোসেন বলেন, ভাই রে যার একটু মাথা গোজার ঠাঁয় নাই, সে যে পৃথিবীতে কত বড় অসহায় তা মুখে বইল্লা বুঝাইতে পারতাম না। এখন প্রধানমন্ত্রী আমারে নতুন ঘরসহ বাড়ি দিছে। আল্লাহ যেন তারে বাঁচায় রাখে তাইলে আমার মতো আরো অসহায় মানুষের ঠিকানা হইবো।
মনির হোসেনের স্ত্রী সালমা বেগম জানান, বছর পাঁচেক আগে কপালে একটি ফোড়া হয়। এতে ইনফেকশন হলে দুই চোখের দৃষ্টি হারিয়ে যায়। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে অন্যের বাড়িতে থাকতে হইতো। নিজেকে সব সময় অহায় মনে হতো। তিনি আরো জানান, তার স্বামী চোখে না দেখলেও সব সময় একটি নতুন ঘরের স্বপ্ন দেখতেন। তিনি যেমন ঘর চেয়েছিলেন, তার চেয়েও ভালো ঘরই পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আল্লাহ যেন তার ভালা করে।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় দাপে ৩২ হাজার ৯০৪টি ঘর পেলেন গৃহহীন ও ভ’মিহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবন থেকে যুক্ত হয়ে উপহারের ঘরগুলো হস্তান্তর করেন।
এসময় আখাউড়া উপজেলার অন্ধ মনিরহোসেনসহ আরো ৪৩ জন উপকারভোগির মাঝে নতুন ঘরের চাবিসহ দলিল হস্তান্তর করা। হয়। অন্ধ প্রতিবন্ধী মনির হোসেনকে উপজেলার নূরপুর আশ্রয়ণ প্রকল্পে নতুনঘর ও জমি দেওয়া হয়েছে।
এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন, উপজেলা সহকারি কমিশানর (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী, সেলিম ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া, যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাউর রহমান নাজিম, আবদুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, উপজেলার ৪৩ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমি ও নতুন গৃহ প্রদান করা হয়েছে। এ কারণে ঈদের আগেই গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌছে গেছে।