ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজা বাড়িয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরোহী আরও এক বন্ধু।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) ও রমিজউদ্দিনের ছেলে শরিফ মিয়া (১৮)। আহত হয়েছে একই এলাকার সাজিদুর রহমানের ছেলে মো. আনাস (১৭)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে দিয়ে একটি মোটরসাইকেলে করে মাধবপুর থেকে তিন বন্ধু সরাইলে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।