খুলনার রূপসায় চিত্ত বালা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই সমীর বালা ও তার ছেলে সনদ বালাকে গ্রেফতার করেছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন।
এর আগে শনিবার দুপুরে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চিত্ত বালার ওপর হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, চিত্ত বালার সঙ্গে তার চাচাতো ভাই সমীর বালার জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। শনিবার বেলা ১১টার দিকে জমির সীমানা নির্ধারণ নিয়ে তাদের দুজনের মধ্যে বাগ-বিতান্ডা ঘটে। এ সময় সমীর বালা লাঠি দিয়ে চিত্ত বালাকে আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাদের দুজনকে যার যার বাড়িতে নিয়ে যায়। বাড়ি পৌঁছানোর পর চিত্ত বালা অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, সমির বালার লাঠির আঘাতে তার চাচাতো ভাই চিত্ত বালা মারা গেছে। এ ঘটনায় নিহতের ছেলে রিপন বালা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এ মামলার দু’জন আসামি নিহতের চাচাতো ভাই সমীর বালা ও তার ছেলে সনদ বালাকে গ্রেফতার করা হয়েছে।