টাঙ্গাইলের ভূঞাপুরে দরজা বন্ধ ঘর থেকে সাজিম (৬) ও তার ছোট ভাই সানি (৪ মাস) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। এ সময় আহত অবস্থায় তাদের মা সহিদা বেগম (২৭) কে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকার ইউসুফ আলী স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে শ্বশুড় বাড়িতে বসবাস করেন। ইউসুফ রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তানকে রেখে যমুনা নদীতে মাছ ধরতে চলে যায়। সকাল ১১টার দিকে তার স্ত্রী ও দুই সন্তান ঘুম থেকে না উঠায় শ্বাশুড়ী সূর্যভানু ডাকাডাকি করেন। কিন্তু ঘর থেকে কোন সারা শব্দ না পেয়ে তিনি ইউসুফকে মোবাইল করে বিষয়টি জানান। ইউসুফ বাড়ি এসে দরজা বন্ধ ঘরের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে দুই শিশু সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান এবং স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। স্থানীয়রা ইউসুফের স্ত্রী সহিদা বেগমকে সিএনজি যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এদিকে, ইউসুফের দুই শিশু সন্তান ও স্ত্রী গুরুতর আহত হওয়াকে রহস্যজনক মনে করছে এলাকাবাসী।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পুনর্বাসন এলাকা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অবস্থায় নিহত শিশুদের মা’কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো জানা যায়নি কীভাবে এ ঘটনা ঘটেছে। তবে ঘরে সিলিং ফ্যান ভাঙ্গা এবং পাখাগুলোতে রক্ত লাগা রয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মা সুস্থ হলে এবং শিশুদের ময়নাতদন্তের পরই আসল রহস্য বের হয়ে আসবে। এখনো মামলা হয়নি।