খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির উন্নয়নে ২ লাখ ও অসুস্থ ১৯ জনকে চিকিৎসা বাবদ ৯লাখ ৪০হাজার টাকার চেক দেওয়া হয়েছে। সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ১১লাখ ৪০হাজার টাকার চেক প্রদান করেন। আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল ও অসুস্থ ১৯জন ব্যক্তি প্রধান অতিথির কাছ থেকে চেক গ্রহণ করেন। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এ চেক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।