বাগেরহাটের মোল্লাহাটে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত বিড়ি শ্রমিক কামাল মোল্লা হত্যা কান্ডের বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে পূর্ব দারিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে কামাল হত্যা কান্ডের বিচার দাবি জানিয়ে বক্তব্যদেন কামালের বৃদ্ধ বাবা মান্নান মোল্লা, মা শুকুরোন, স্ত্রী পারুল খাতুন, মামলার বাদী ছোট ভাই জামাল মোল্লাসহ এলাকাবাসী।
বক্তরা জানান, প্রকাশ্য দিবালকে তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরও আসামিরা মামলার বাদীকে নানা প্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। এ হত্যা কান্ডের আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।
এর আগে গত (১৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে জমির বিরোধ নিয়ে বাড়ির সামনে থেকে প্রতিপক্ষ আজিজের নেতৃত্বে মাছ ধরা বল্লম (ভেলা) দিয়ে কুপিয়ে কামাল মোল্লাকে হত্যা করে। এ সময় ঠেকাতে গেলে শফিক মোল্লা ও হাসান মোল্লা নামে দুই ভাই আহত হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই জামাল মোল্লা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে।