বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কামাল মোল্লা (৩৫) নিহতের ঘটনায় আসামিদের বাড়ি ঘর ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে তৃতীয় পক্ষের বিরুদ্ধে। উপজেলার দারিয়ালা গ্রামে গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার হত্যার ঘটনায় আসামিদের দালান ও টিনের ঘর ভাঙচুর ও লুটপাটের এ ঘটনা ঘটায় ওই গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের কতিপয় দুষ্কৃতিকারী। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর মাঝেও রাতে ভাঙচুর ও লুটপাট চলছে বলেও একাধিক সূত্র জানায়।
এ সংক্রান্ত তথ্য সংগ্রহে সরেজমিনে গেলে দেখা যায়, ওই মামলার প্রধান আসামি আজিজের দালান ও আসামি ইকলাস এর দালান ও টিনের ঘর সহ কয়েকটি পাকা কাঁচা বাড়িঘরে ব্যপক ক্ষতিসাধন করা হয়েছে।
এ বিষয়ে নিহত কামালের ঘনিষ্ঠ জনেরা জানান তারা যখন লাশ নিয়ে ব্যস্ত, তখন আশপাশের দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তারা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চান এবং এধরনের ভাঙচুর তারা পছন্দ করে না বলেও এ প্রতিবেদককে জানান।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, হত্যার পরবর্তী সময়ে সুযোগসন্ধানী দুস্কৃতিকারীরা আকস্মিক কিছুটা ভাংচুর করে। এরপর গত বৃহস্পতিবার থেকে অদ্যাবধি ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক।