ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রী রাগ করে অন্যত্র চলে যাওয়ায় প্রদীপ মিত্র (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌরশহরের কুমারপাড়া রেলওয়ে কলোনি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় সে আত্মহননের পথ বেছে নেয়।
পুলিশ জানায়, নিহত প্রদীপ পেশায় একজন পরিচ্ছন্ন কর্মী। সে পৌরশহরের বাগানবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। তবে তার পিতার নাম ও প্রকৃত ঠিকানা পাওয়া যায় নি। সকালে রেলওয়ে কলোনীর একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৩নং পৌর ওয়ার্ড কাউন্সিলর এনাম খাদেমকে বিষয়টি অবগত করে। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
থানার সহকারি পুলিশ পরিদর্শক ও মরদেহ উদ্ধারকারি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা যায় প্রায় দুই মাস আগে তার স্ত্রী চলে যায়। এতে সে হতাশাগস্ত হয়ে পড়ে। এর আগেও সে একবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।