গাজীপুরের টঙ্গীতে প্রবাসী দুই ভাইকে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ ডজন মামলার আসামি জুয়েল শিকদারকে (২৮) গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল বিকেলে জুয়েল শিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আউচপাড়া সফিউদ্দিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরীর বাড়িতে অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালায়। এ সময় নোমান নামে এক যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পার্শ্ববর্তী বাড়ির সিসি টিভির ফুটেজে পিস্তল ও দেশীয় অস্ত্র হাতে সন্ত্রাসীদের মহড়া দিতে দেখা যায়। ওই ঘটনায় ৯ এপ্রিল নোমানের বাবা জুয়েলসহ ১৯ জনের নাম উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলের অবস্থান জানতে পেরে সোমবার দিবাগত রাতে দত্তপাড়া হাজী মার্কেট এলাকার স্বেচ্ছাসেবকলীগ কর্মী সজল সরকারের অফিসের ভেতর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান। পর্যায়ক্রমে সেসব মামলায় তাকে গ্রেফতার ( শ্যোন এ্যারেষ্ট) দেখানো হবে বলেও পুলিশ জানায়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, জুয়েল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৬ সালে মাদক ব্যবসার জেরে দত্তপাড়ার প্রবাসী দুই ভাইকে কুপিয়ে হত্যা করে জুয়েল ও তার সহযোগীরা। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।