খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটর সাইকেল চালক সিটিএসবি খুলনার এ এসআই নাসিম খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মারে গেছেন। সোমবার ১৮ এপ্রিল বিকেল আনুমানিক পৌনে ৫ টার দিকে রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা সিটি এসবি’র এএসআই নাসিম উদ্দীন (৩৮) তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে খুলনা-হ ১১-৭৩৮৪ নম্বরের মোটর সাইকেল যোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে আসছিলেন। তিনি জাবুসা-ইলাইপুর সড়ক হয়ে খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে উঠলে মোংলা থেকে রূপসাগামী জোতি পরিবহন নামের যাত্রীবাহী বাস (ঢাকা মোট্রো-জ ১১-১৯৮০) তাকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে মোটর সাইকেল চালক নাসিম ও আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তার উপর পড়ে রক্তাক্ত জখম হয় এবং মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে চ্যাসিসের সাথে আটকে যায়। প্রায় ২ কিলোমিটার বাস চালক মোটর সাইকেলটি চ্যাসিসে বাধিয়ে বাস চালিয়ে রূপসা বাস স্ট্যান্ডে চলে আসে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় এ এস আই নাসিম ও অপর আরোহীকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তার মৃত্যু হয়।
তিনি খুলনার বটিয়াঘাটার বিরাট কালবুনিয়া গ্রামের মো. আ. ওয়াদুদ মোল্লার ছেলে। খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসস্ট্যান্ড থেকে দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে।