খুলনার পাইকগাছায় গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট'র জমি দখল করে রাতারাতি ঘর বাঁধার অভিযোগ পাওয়া গেছে। স্কুল কর্তৃপক্ষ বলেন, বৃহস্পতিবার গভীর রাতে স্কুল সংলগ্ন বাসিন্দা মো. রউফউদ্দীন সানা ও মো. আফজাল গাজী কাউকে কিছু না বলে সদ্য বালি ভরাটকৃত স্কুলের জমিতে ঘর তুলেছেন। এ ঘটনায় স্কুলের নাইট গার্ড মেহেদী হাসানের দায়িত্ব অবহেলায় কারণ দর্শানোর নোটিশ করে বিদ্যালয় প্রধান শিক্ষক মধূসুদন সরকার দখলকার দু'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। বিদ্যালয় প্রধান শিক্ষক মধূসুদন সরকার জানান, সম্প্রতি কয়েক লক্ষ টাকা ব্যায়ে স্কুলের নিচু জমি বালি ভরাট করে উঁচু করা হয়েছে। এ জমিতে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় রউফউদ্দীন সানা ও মো. আফজাল গাজী অজানা কারণে হঠাৎ করে পৃথক ভাবে ঘর তুলেছেন। সংশ্লিষ্টরা স্কুলের নাইট গার্ড মেহেদীকে সন্ধেহ করছেন। এ ঘটনায় প্রধান শিক্ষক তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দু'দখলকারের বিরুদ্ধে রোববার থানায় অভিযোগ করেছেন। এ সম্পর্কে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আবদুস ছালাম কেরু বলেন, স্কুলের জমি দখল করে ঘর বাঁধার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়া মাত্রই অবৈধ দখল উচ্ছেদের পদক্ষেপ নেয়া হয়েছে।