শুক্রবার দুপুরে যশোরের ঝিকরগাছায় মসজিদের ইমামকে মাদ্রাসা থেকে অব্যহতি দেয়ার প্রতিবাদে মুসল্লীদের মাঝে সংঘর্ষে জুম্মার নামাজ হয়নি। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আহতরা হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন - হাজিরবাগ ইউনিয়নের দেউলী গ্রামের আতিয়ার রহমান খান ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আবদুর রউফকে অসুস্থতা জনিত কারণে অব্যহতি দেয়া হয়। দীর্ঘ তিন মাস অনুপস্থিত থাকায় এপ্রিল মাস থেকে তাকে অব্যহতি দেয়া হয়। তিনি পাশের মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে আসছেন।
ঘটনার দিন শুক্রবার জুম্মার নামাজে উপস্থিত মুসল্লীরা অসুস্থ ইমামের অনুপস্থিতিতেই প্রশ্ন তোলেন ইমামতি থেকেও কি তাকে অব্যহতি দেয়া হয়েছে? এমন প্রশ্নের উত্তরে মাদ্রাসার সভাপতি আলী কদর বলেন - তিনি ইমামতি করতে পারবেন। এ সময় এলাকার আদম ব্যবসায়ী নুর হোসেন ক্ষিপ্ত হয়ে বলেন, মাদ্রাসা থেকে ইমামের অব্যহতি প্রত্যাহার করতে হবে। এরপর উভয় পক্ষ জুম্মার নামাজ না পড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী উজ্জ্বল বলেন - দেউলী গ্রামের আদম ব্যাপারী নুর হোসেনের নেতৃত্বে বাদশা, হায়াত, রিপন, আব্দুল্লাহ, আরিজুল, বিপ্লব ও মাসুম দেশীয় অস্ত্র নিয়ে মুসল্লীদের ওপর হামলা চালায়। এতে আহত হয়েছেন - সেলিম,আনারুল,আসাদুজ্জামান, আব্দুল, মুক্তার,আক্তার, রিংকু, শহিদুল, সোহরাব সহ ১৪/১৫ জন আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতাল, শার্শা উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (ওসি) সুমন ভক্ত সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন - শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।