বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম মোল্লা (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ছাড়া হাসান মোল্লা (৫০) ও শফিকুল ইসলাম (৩০) নামে নিহতের দুই চাচাতো ভাই আহত হয়েছে। উপজেলার দারিয়ালা গ্রামে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা।
নিহত কালাম মোল্লা ওই গ্রামের মুন্নাফ মোল্লার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে হাসান মোল্লা (৫০) ও মনসুর মোল্লার ছেলে শফিকুল ইসলাম (৩০)।
আহতদের উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের নিকটাত্মীয় ও স্থানীয়রা জানায়, পূর্ব দারিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী একাধিক মামলার আসামি আজিজুর রহমান তার বাড়িতে যাতায়াতের রাস্তা থাকা সত্ত্বেও নিহত ও আহতদের বাড়ি ভেঙ্গে জোরপূর্বক পৃথক রাস্তা তৈরি করতে চায়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় বেশ কিছুদিন ধরে এদের মাঝে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে আজিজ এর নেতৃত্বে ৮/১০ জনে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ওই হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিন ভাই গুরুতর জখম হয়। যখমীদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কালাম মোল্লা কে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, এ ঘটনায় ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায় নাই তবু, অপরাধীদের আটকের চেষ্টা চলছে। কালাম মোল্লার লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।