কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সজিব (১৯) নামের এক গরু চোরকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরতেরটেকিয়া গ্রাম থেকে চোরাই গরুসহ তাকে গ্রেফতার করা হয়। সজিব উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে। তাকে বুধবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরু চোর চক্র উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মকসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে। চুরির বিষয়টি টের পেয়ে মকসুদ মিয়া দৌড়ে গোয়াল ঘরে গেলে সজিব ও হৃদয়সহ ৪/৫জনের একটি চক্র তার গরুটি চুরি করে নিয়ে যাচ্ছে দেখতে পান। তার ডাকচিৎকারে এলাকার লোকজন এসে গরুসহ সজিবকে আটক করে। এ সময় হৃদয়সহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গরুসহ সজিবকে পুলিশের হাতে সোপর্দ করে জনতা। এ ঘটনায় ওই দিন রাতেই মকসুদ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়ায় থানায় সজিব ও হৃদয়সহ অজ্ঞাত আরও ৪/৫জনের নামে একটি মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ:দা:) নাহিদ হাসান সুমন বলেন, গরু চোরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।