পটুয়াখালীর কলাপাড়ায় এক মাদ্রাসা শিক্ষককে প্রকাশ্যে লাঞ্চিত ও মারধর করে রক্তাক্ত জখম মাদ্রাসা সভাপতির দুই ভাইয়ের ছেলে ও জামাই। সোমবার বিকালে মাদ্রামার মসজিদের সামনে এ হামলার ঘটনায় আহত শিক্ষক শামসুল হককে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব মধুখালী সালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শামসুল হককে লাঞ্চিত ও মারধরে জড়িত সোলায়মান হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ও তাদের জামাতা শাকুরের শাস্তির দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্লাস বর্জণ করে মাদ্রাসার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে শিক্ষক-শিক্ষার্থীরা। তারা আলটিমেটাম দেয় শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জণের।
আহত শিক্ষক শামসুল হক বলেন, সোমবার সকালে হামলাকারী সোলায়মান হাওলাদার মাদ্রাসায় প্রবেশ করে সভাপতির চেয়ার বসে। বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় তিনি সভাপতির চেয়ার থেকে তাকে উঠতে বলেন। এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেন সোলায়মান।
দুপুরে মাদ্রাসা ছুটির পর শিক্ষক মসজিদে নামাজ পড়া শেষে বাইরে দাড়ালে তার উপর অতর্কিত হামলা চালায়। প্রকাশ্যে লাঞ্চিত করে সোলায়মান ও তার সহযোগীরা। এ সময় এলাকার লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে সন্ধায় হাসপাতালে ভর্তি করেন।
মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ জানান, শিক্ষক নির্যাতনের ঘটনায় তারা ক্ষুদ্ধ। এ কারণে আজ মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। বিষয়টি তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, শিক্ষককে মারধরের বিষয়টি তাদের জানানো হয়েছে। এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।