মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় নির্মিত উপহার হিসেবে জেলার ১৩ উপজেলায় ১৩টি গৃহহীন হতদরিদ্র পরিবার পেয়েছে জমিসহ ঘর। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারাদেশে ভার্চ্যুয়ালি সরাসরি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর প্রক্রিয়া উদ্বোধন করেন।
এ উপলক্ষে কিশোরগঞ্জের ১৩টি থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াও পুলিশ লাইন্স ড্রিল শেড থেকে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ভার্চ্যুয়ালি যুক্ত হন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
একই সময় কিশোরগঞ্জ জেলার প্রতিটি থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জের ১৩ থানায় একটি করে ভূমি ও আশ্রয়হীনদের মধ্যে ভূমিসহ ১৩টি ঘরের চাবি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই হস্তান্তর করা হয়।
প্রতিটি ঘর দুই শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং ও একটি বারান্দা রয়েছে। টিনসেড দালানগুলো দেখতে দৃষ্টিনন্দন।
পরিবেশবান্ধব ও ভূমিকম্প সহনীয় এসব ঘর নির্মাণে প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে বুয়েট।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন মানুষদের ঘর উপহার দিতে পেরে কিশোরগঞ্জ জেলা পুলিশ নিজেদের গর্বিত মনে করছে।