নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারের ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার রাত আনুমানিক ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
সিংড়ার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সালাম জানান, রাত আনুমানিক ১২ টার দিকে বোয়ালিয়া বাজারের একটি দোকান ঘরে আগুনের ধোয়া দেখতে পায় বাজার ঝাড়-দার। পরে মূহুর্তের মধ্যে কীটনাশক, ভেটোনারী ও মুদিখানার তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ৯ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহাদৎ হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের কোন ঘটনা ঘটেনি। আর রাতে কোন বিদ্যুৎ বন্ধের দরকারও হয়নি।