খুলনার পাইকগাছায় চলাচল পথের বিরোধে গৃহবধূর মাথা ফাঁটিয়ে জখম ও অন্যান্যের আহত করার ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছেন। শনিবার দুপুরে থানার এসআই ব্রজ কিশোর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গড়ইখালী ইউপি'র হোগলার চক থেকে মৃত. অধীর মন্ডলের সন্তোষ মন্ডল ও পরিতোষ মন্ডলকে গ্রেফতার করেন। ইতোমধ্যে থানায় মামলা করেছেন হাসপাতালে চিকিৎসাধীন আহত জয়ন্তী মন্ডলের দেবর সঞ্জয় কুমার মন্ডল। যার নং-১৩। জানাগেছে, উপজেলার গড়ইখালী ইউপি'র হোগলার চক গ্রামে বাড়ীর যাতায়াত পথ নিয়ে ভুষন মন্ডলের পরিবার ও সন্তোষ মন্ডল পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সমাধানের জন্য স্থানীয়ভাবে এমনকি গড়ইখালী ইউনিয়ন পরিষদে দু'পক্ষের মধ্যে সালিশীসভা হলেও মিমাংসা হয়নি। সর্বশেষ এ বিরোধের জের ধরে বুধবার রাত ৮টার দিকে সঞ্জয় ও ভুষন মন্ডল ঐ পথ দিয়ে নিজেদের তরমুজ ক্ষেতে যাচ্ছিলো। এ সময় প্রতিপক্ষ সন্তোষ গংরা গালি-গালাজ করে। অভিযোগ উঠেছে উত্তর দেওয়া মাত্রই ও বিতর্কের একপর্যায়ে সন্তোষ মন্ডল, কেশব মন্ডল, পরিতোষ দিংরা বাড়ি থেকে লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এসে দু'ভাইয়ের উপর হামলা চালায়। খবর পেয়ে জয়ন্তী মন্ডল (২৮) স্বামী-দেবরকে ঠেকাতে আসলে সন্তোষ তার হাতে থাকা দা দিয়ে মাথা ও বাম হতে কোপ দিয়ে জয়ন্তীকে রক্তাক্ত জখম করে। এ সময় ঠেকাতে গিয়ে অরবিন্দু মন্ডল (৫৫) নামে আরোও ১ জন আহত হন। ঐ রাতেই আহত ভুষন-জয়ন্তী দম্পত্তি ও অরবিন্দু মন্ডলকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। ওসি মো. জিয়াউর রহমান বলেন, মারপিটের ঘটনায় থানায় মামলা হলে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।