পি এস এফ এর টিউবওয়েলের মাথা নাই, পাশের পুকুর দিয়ে ৫০ কলস পানি ঢাইল্ল্যা দিয়া হেরপর ৫ কলস পানি নেওয়া লাগে। এই কষ্টের চেয়ে মরণ ভালো। গত বুধবার সকালে পি এস এফে’র সামনে দাঁড়িয়ে এভাবেই কষ্টের কথা জানাচ্ছিলেন শরণখোলা উপজেলার দক্ষিণ জিলবুনিয়া গ্রামের খাদিজা বেগম নামের মধ্যবয়সী এক নারী।
বলেশ্বর নদীর তীরবর্তী জিলবুনিয়া গ্রাম। ইটের সোলিং দেওয়া রাস্তার ধারে আবু গাজীর বাড়ি। সেখানে একটি পি এস এফ (পন্ড স্যান্ড ফিল্টার) রয়েছে। সকাল থেকেই এই পি এস এফ এর কাছে দীর্ঘ লাইন। কারণ এলাকার অনেক গুলো নষ্ট পিএসএফ এর মধ্যে এই একটি পি এস এফ আংশিক ভালো আছে। এখানে ৫০ কলস পানি ঢালতে হয় ৫ কলস বিশুদ্ধ পানি তুলতে।
নাজমা বেগম নামের অপর এক নারী বলেন, সাপ্লাই নেই, টিউবওয়েল নেই, ট্যাংকি নেই, কিছুই নেই। শুধু আছে পানির জন্য হাহাকার। এক কলস পানির জন্য রোজা রেখে আধা কিলোমিটার দূর থেকে এসে দাঁড়িয়ে আছি ৩ ঘন্টা। বর্ষার পানি সারাবছর ধরে রেখে খাওয়ার জন্য সরকারের কাছে একটি বড় ট্যাংকির দাবী জানান তিনি।
পার্শ্ববর্তী রায়েন্দা গ্রামের ফরিদ বলেন, আমাদের এলাকায় কোনো টিউবওয়েল বসে না। পুকুর ও বৃষ্টির পানির উপর নির্ভর করতে হয়। কিন্তু প্রচন্ড গরমের কারণে পুকুরের পানি শুকিয়ে গেছে। আশপাশের খালে লবণাক্ত পানি। বাধ্য হয়ে লবণ পানিতে গোসল রান্না ও খাওয়ার কাজে ব্যবহার করতে হয়। এই পানি খেয়ে মাঝে মাঝে পেটে ব্যাথা ও অসুস্থ হয়ে পড়ি। আমরা খুব সমস্যায় আছি।
একই চিত্র দেখা যায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলা বাগেরহাটের রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলায়। শুস্ক মৌসুমে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। একদিকে উপজেলাগুলোতে গভীর ও অগভীর নলকূপ বসে না। অপরদিকে পিএসএফ গুলো নষ্ট ও শুষ্ক মৌসুমে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় দূষিত পানি পান করে স্বাস্থ্য ঝুকিতে রয়েছেন কয়েক লক্ষ মানুষ।
মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মোতালেব সরদার বলেন, বিভিন্ন সময় বেসরকারী এবং সরকারী ভাবে সুপেয় পানির জন্য পিএসএফ তৈরি করে দেয়। কিন্তু শুষ্ক মৌসুমে পুকুরে পানি থাকে না বিধায় পিএসএফ গুলো কোনো কাজে আসে না। আমরা সরকারের কাছে প্রতি বাড়িতে একটি করে ট্যাংকি দেওয়ার দাবী জানাই।
চার মাইল হেটে পানি নিতে আসেন মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের শিউলী বেগম। যেতে-আসতে এক ঘণ্টারও বেশি সময় লাগে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন রান্না করতে ও খেতে চার কলস পানি লাগে। সকালে দুইবার পানি আনতে যাই। বিকেলে দুইবার যাই। সারা দিনে পানির জন্য চার ঘণ্টা সময় যায়, আমাদের কষ্টের কোনো শেষ নেই।
কচুয়া উপজেলার বারুইখালী গ্রামের আবুল হোসেন বলেন, কয়েকদিন ধরেই তীব্র পানির সংকটে ভুগছি আমরা। দূরদুরান্তের পুকুর থেকে অনেক কষ্ট করে খাবার পানি আনতে হয়। এই অবস্থায় শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, আমাদের উপজেলার চারটি ইউনিয়নে লবনাক্ততার কারণে অগভীর নলকূপ স্থাপন হয়না। দেড় লক্ষাধিক মানুষ পুকুর ও বৃষ্টির পানির উপর নির্ভর করে তৃষ্ণা মেটায়। কিন্তু এবার একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় পানির উৎসগুলোতে কোনো পানি নেই। ফলে মানুষের মাঝে খাবার পানির জন্য হাহাকার চলছে। পানি সংকট নিরসনে নতুন পরিকল্পনা, মজা পুকুর পুনঃখনন, পিএসএফ গুলো সংস্কার করে ব্যবহার উপযোগী এবং পরিবার ভিত্তিক ট্যাংকি সরবরাহের দাবী জানান তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক বলেন, বাগেরহাটের উপকূলীয় উপজেলাগুলোতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে পিএসএফ সংষ্কার, পুকুর খননসহ আমরা বিভিন্ন উদ্যেগ গ্রহন করেছি। এ ছাড়া প্রাকৃতিক দূর্যোগের সময় মোবাইল ট্রিট্মেন্ট প্লান্টের মাধ্যমে আমরা মানুষের সুপেয় পানির চাহিদা নিশ্চিত করে থাকি।