বাগেরহাটের মোল্লাহাটে দোকান ভাঙচুর, টাকা লুট ও ঘর মালিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরকুলিয়া বাজারে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
আহত দোকান মালিক মোঃ পলাশ শেখ (২৭) জানান, তাদের দোকান ঘরের সামনে সরকারি জায়গায় বারান্দা করা হয়েছে। ওই বারান্দা বাবদ স্থানীয় জতি সরদার ও রইজ সরদার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। যাদের মূল হোতা ইউপি সদস্য নাজমুল। ওই চাঁদা না দেয়ায় ঘটনার সময় অন্তত ২০/২৫ জনে দোকানের বারান্দা ভাঙচুর করে। এ সময় বাধা দেয়ায় তাকে পিটিয়ে আহত করে। ওই দোকানের ভাড়াটিয়া মাসুদ জানান, দোকান ভাঙচুর কারীরা তার ক্যাশ ব্যাক্সো থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
এবিষয়ে ওই বাজার কমিটির সভাপতি শিকদার মনিরুজ্জামান জানান, ভাঙচুর কালে তিনি উপস্থিত ছিলেন, এভাবে ভাঙচুর করতে নিষেধ করেছিলেন এবং সরকারি জায়গায় আরো ঘর থাকতে কেবল এদের বেলায় এমনটা কেন ? এমন কথা বলেছেন বলেও জানান তিনি।