বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-প্রতি হামলায় উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কুলিয়া বড়ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন কুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য শেখ নেয়ামত আলী (৫০), শেখ দ্বীন ইসলাম দিনো (৪০), সালিম শেখ (৫০), মাসাদ মোল্লা (৬০) ও মাসাদ মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২২)। আহতদের বাড়ি উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য নিয়ামত শেখ, দ্বীন ইসলাম শেখ, মাসাদ মোল্লা ও তার ছেলে ইয়াসিন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে হামলাকারী জনৈক তুহিন শেখ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আহত ইউপি সদস্য নিয়ামতের ছোট ভাই শেখ লিয়াকত আলী বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ জানান, পূর্ব শত্রুতার জেরে তুহিন শেখসহ তার দলের লোকজন মিলে ইউপি সদস্যসহ উভয় পক্ষের ৫ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় ইউপি সদস্য নিয়ামত শেখের ছোট ভাই লিয়াকত শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বুধবার রাতেই মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রাতেই ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সিদ্দিক মোল্লার ছেলে ওলিয়ার মোল্লা, মৃত মোস্তফা মোল্লার ছেলে আহাদ মোল্লা, মোসলেম শেখের ছেলে লিয়াকত শেখ, মৃত নোয়াব আলী মোল্লার ছেলে শ্রাবন মোল্লা ওরফে জিকির। তাদের প্রত্যেকের বাড়ি কুলিয়া বড়ঘাট ও নতুন ঘোষগাতী এলাকায়। আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি আসামীদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।