খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় নানা প্রকল্প, ত্রাণের বীর নিবাস, এডিপিসহ নানা উন্নয়ন প্রকল্পের কাজে চলছে নানা অনিয়ম, দুর্ণীতি ও পুকুর চুরি। স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে নিরব বলে জানা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাস্তায় ইটের সোলিং বসানো, রাস্তার হ্যাজিং তৈরি, খোয়া বিছানো, ড্রেন ও কালভার্ট তৈরি, মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প বীর নিবাস স্থাপনসহ নানা প্রকল্পের কাজে চলছে অনিয়ম ও দুর্ণীতি। এদিকে দিঘলিয়া উপজেলার সেনহাটিতে নিন্মমানের ইট,খোয়া ও বালু দিয়ে রাস্তা সংষ্কারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বরাবর কয়েক দফা মৌখিক অভিযোগ দেওয়া হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, দিঘলিয়ার পথের বাজার মোড় থেকে সেনহাটি ইউপি (২নং ষ্টার জুট মিল গেট)পর্যন্ত রাস্তা পাকা করণের নির্মাণ কাজ পায় এম ও ই কে নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। সিডিউলে ১.৮১৮ কিঃমিঃ রাস্তা সংষ্কার এ কাজে ব্যয় ধরা হয়েছে ৫৯,৯৪,৪৯৩.০০ টাকা।
এলাকাবাসী আরো জানায়, ওই রাস্তার কাজ শীতের মাঝামাঝি সময় শুরু হলেও যথাযথ অগ্রগতি দেখা যায়নি। রাস্তা সংষ্কার কাজে নিন্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে। জায়গায় জায়গায় ধুলোবালি ফেলে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করেন, রাস্তাটি চওড়ায় ৮.৩ ফুট হওয়ার কথা থাকলেও পুরো রাস্তায় মাপ ঠিক নেই। এছাড়াও চেইনেজ ৬৪৬,৮৩৭ ও ৯৭৫ মিটারে পুকুর থাকায় এবং ১৬০০-১৮১০ মিটার পর্যন্ত বাজার এলাকায় মাটি ধরানোর কথা থাকলেও তা সঠিক ভাবে করা হয়নি। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে বারবার অনুরোধ করা হলেও এখনো রাস্তায় রোলার দিয়ে রাস্তা সমান করা হয়নি। যে কারণে বিগত ৩ মাস যাবৎ ব্যস্ততম রাস্তাটি পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে আছে বিধায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বেশ কয়েক বার অবগত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ওই কাজের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সব কাজ সঠিক ভাবেই হচ্ছে এবং রাস্তা সংষ্কারে কোন অনিয়ম করা হচ্ছেনা।
সরেজমিনে দেখা গেছে বিগত ৩ মাসে রাস্তার হ্যাজিং পুরোপুরি শেষ হলেও জায়গায় জায়গায় পুরোনো ইটের ব্যবহার হয়েছে। পুরো রাস্তায় এখনো খোয়া বিছানো শেষ হয়নি। যে খোয়া ব্যবহার করা হয়েছে তা নিম্নমানের। পথের বাজার থেকে সেনহাটি ইউপি (২নং ষ্টার জুট মিল গেট) রাস্তার সংষ্কার ২০২১-২২ অর্থ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও আদৌ তা হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামালের সাথে। তিনি দিঘলিয়ার চলমান উন্নয়ন কাজে নানা অনিয়ম ও জনমনে নানা ক্ষোভ অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদারদের বলা হয়েছে। তারা নিষেধ অমান্য করে রাতের বেলা কাজ করার অভিযোগ পাওয়া গেছে। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। পুণরায় কোনো কাজ করলে তা বন্ধ করে দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ করেন।