বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (৬এপ্রিল) সকালে এক বৃদ্ধের শরীরে মেয়াদোত্তীর্ণ সরকারি স্যালাইন পুষ করার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের নার্স শামীমা প্রায় দুই মাস আগে মেয়াদ শেষ হওয়া স্যালাইন দেন আবু হানিফ হাওলাদার (৬০) নামে ওই রোগীর শরীরে। এরপর থেকেই তার শরীরে জ¦ালা-যন্ত্রনা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। এ অবস্থায় উৎকণ্ঠায় রয়েছে রোগীর পরিবার।
তবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগী স্বাভাবিক অবস্থায় আছেন। তিনি শরীরে জ¦ালা-যন্ত্রনা নিয়েই বুধবার (৬এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। এছাড়া, হাসপাতালের স্টোরে এভাবে মেয়াদোত্তীর্ণ আরো স্যালাইন বা অন্যান্য ওষুধ আছে কিনা সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযুক্ত নার্সকে তাৎক্ষণিক শোকজ করা হয়েছে।
রোগীর ছেলে জাকারিয়া হাওলাদার জানান, সকাল পৌনে ৭টার দিকে শামীমা নামে এক নার্স তার বাবার শরীরে হাসপাতাল থেকে সরকারি স্যালাইন পুষ করেন। স্যালাইনের প্রায় তিনের দুই ভাগ শেষ হয়। এমন সময় তার ছোট বোন হাসিনা বেগম স্যালাইনের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ ০২/২০২২ লেখা দেখতে পান। পরে নার্সকে ডেকে বিষয়টি জানালে দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়। স্যালাইন দেওয়ার পর থেকেই তার বাবার শরীরে জ¦ালা-যন্ত্রনা শুরু হয়েছে। এনিয়ে তারা চিন্তায় আছেন।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ বলেন, হানিফ হাওলাদার নামে ওই রোগী শরীরে জ¦ালা-যন্ত্রনা নিয়েই হাসপাতালে আসেন। উচ্চ রক্তচাপও ছিল তার। এ অবস্থায় নার্স শামীমা স্যালাইনের মেয়াদ না দেখেই তার শরীরে পুষ করেছেন। এটা তার গাফিলতি। বর্তমানে তিনি স্বাভাবিক আছেন। তাকে ২৪ থেকে ৪৮ ঘন্টা অবজারভেশনে রাখা হবে।
ডা. এস এম ফয়সাল আরো বলেন, অভিযুক্ত নার্স শামীমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাকে এ বিষয়ে তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে, স্টোরে স্যালাইন, ওষুধসহ মেয়াদোত্তীর্ণ অন্য কোনো মালামাল আছে কিনা সেব্যাপারেও স্টোর কিপার ও নার্সিং ইনচার্জকে খোঁজ নিতে বলা হয়েছে।