খুলনার পাইকগাছায় আঁখি (১৭) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানায়। সে পৌর সদরের পুরান গোডাউন এলাকার গাড়ি শ্রমিক শিহাব গাজীর স্ত্রী। স্ত্রীর মৃত্যুতে স্বামীও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে পরিবার জানায়। শিহাব গাজী বলেন, সোমবার ডিউটি করে রাত ১০টার দিকে বাড়িতে আসি। স্ত্রী ওই রাতেই তার বাবার বাড়ি বাগেরহাটের কাঁটাখালী এলাকায় যেতে বায়না করে। আমি তাকে বলি সকালে নিয়ে যাব। সে আমার কথা না শুনে ঝগড়া শুরু করে। একপর্যায় আমাদের কাবিননামা সে ছিঁড়ে ফেলে। পরের অংশ আমি ছিঁড়ে ফেলি। রাত ১২টার দিকে আমি শুয়ে পড়ি, তখন পাশেই সে ছিল। ভোর ৫টার দিকে উঠে দেখি সে ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। সে সময় সেও গলায় রশি দিয়ে আড়ার সঙ্গে ঝুঁলে পড়ে। শিহাবের নানির ডাকচিৎকারে এলাকার মানুষ তাকে নামায়। নানি সুপিয়া বেগম (৬৫) বলেন, তারা নিজেরাই মোবাইলের সূত্র ধরে তিন মাস আগে বিয়ে করে। তাদের সংসার ভালোভাবে চলছিল। হঠাৎ কী নিয়ে তারা এ ঘটনা ঘটাল তা বুঝতে পারছি না। মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আসাদ এফএনএসকে জানান, মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।