দেশে উন্নয়নে জোয়ার বইছে। বড় বড় অবকাঠামো দৃশ্যমান হচ্ছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে আড়াই হাজার ডলারে উন্নীত হয়েছে। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নত হয় নি। অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। দেশের প্রান্তিক মানুষকে উন্নয়নের বাইরে রেখে উন্নয়ন কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থার মাঝে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শুধু নিন্মবিত্ত নয়, মধ্যবিত্তদেরও ত্রাহি ত্রাহি অবস্থা। খোদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এক অনুষ্ঠানে বলেছেন, দেশে বহু মানুষ এখনো দিন আনে দিন খায়। ঘরে পর পর তিন দিনের খাবার আছে, দেশে এমন পরিবারের এখনো ৬০ শতাংশ হবে না। জনগণের কল্যাণ এখনো নিশ্চিত করা যায় নি। তবে সরকার চেষ্টা করছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। কিন্তু গনমানুষের অর্থনৈতিক মুক্তি এখনো সম্ভব হয় নি। একদিকে দেশে বিশাল বিশাল অবকাঠামো উন্নয়ন আর অন্যদিকে প্রান্তিক মানুষের দারিদ্রসীমার নিচে বসবাসের আর্তনাদ ও বেদনা। উন্নয়ন যতোই বাড়ছে দেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য ততোই বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে মহামারী করোনার সময়ও ধনীরা আরো ধনী হয়েছে। দেশে দারিদ্রসীমার নীচে কত মানুষ বাস করে তা নিয়েও রয়েছে বিতর্ক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দিচ্ছে এক তথ্য আর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ তুলে ধরছে অন্য চিত্র। যে কোনো বিষয়ে উন্নয়ন অগ্রগতির জন্য সঠিক পরিসংখ্যান জরুরি। বিচার বিশ্লেষণ করে পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে।
সারা দেশের প্রান্তিক মানুষের চেয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থা আরো নাজুক। রাখাইন, চাকমা, গারোদের মতো কয়েকটি জাতিগোষ্ঠীর অবস্থা তুলনামূলক ভালো হলেও অন্যান্যের অবস্থা খুবই করুন। কিন্তু তাদের জীবন যুদ্ধের করুন কথা নীতিনির্ধারকদের কানে পৌছায় না। কাজেই দেশের উন্নয়নের ¯্রােতে তারা তাল-মেলাতে পারছে না। প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে বেসরকারি সংগঠনগুলো সারা দেশের দুর্গম এলাকায় কাজ করছে। সুশীল সমাজের কর্তাব্যক্তিরা জীবন সংগ্রামের নানা জটিলতা ও উত্তরণের পথ দেখাতে নানা আলোচনা অব্যাহত রেখেছেন। কিন্তু সবকিছুই হচ্ছে বিচ্ছিন্ন ভাবে। কাজেই সরকারের উচিত বেসরকারি সংগঠন সুশীল সমাজ এবং সরকারি নানা উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন করা। প্রয়োজনে সব অংশী-জনকে এক প্লাটফর্মে আনার উদ্যোগ নিতে পারে সরকারের পরিকল্পনা বিভাগ।
সরকারি উদ্যোগে মাথার গোজার ঠাই হচ্ছে, বাজার মূল্যের থেকে কম মূল্যে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের নিত্যপণ্য বিক্রির নানা উদ্যোগ প্রান্তিক ও মধ্যবিত্ত মানুষের জন্য আশাপ্রদ। কিন্তু সব সময় এটা সম্ভব নয়। তাই সরকারকে সব মানুষের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। সর্বস্তরে জবাবদিহিতা ও সুযোগের সমতা নিশ্চিত করে টেকসই উন্নয়ন তরান্বিত করতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ করার পরিকল্পনা রয়েছে। তাই জনগণ যেন সমান ভাবে তাদের জীবন মান উন্নত করতে পারে সেদিকে নজর দেয়া জরুরি। আয় বৈষম্য ঘুচিয়ে সবাইকে উন্নয়নের মহাসড়কে সামিল করতে হবে।