শ্রমিকদের মারপিট ও হুমকি ধামকি দিয়ে সরকারি কাজে বাঁধা দেয়া অভিযোগে খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, তার ছেলে,দুই ভাইপোসহ ৮জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(বপাউবো) খুলনা পওর শাখা-১ এর উপ-সহকারি প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে কাজে বাঁধা দেয়া ও শ্রমিকদের মারপিটের ঘটনা সঠিক নয় বলে গাজী হুমায়ুন কবির বুলু দাবী করেছেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অধিগ্রহনকৃত জেএল ৭৫ নং ডুমুরিয়া মৌজার ৮৩,১৩৪,১৪১,১৪২,১৪৩ ও ১৪৭ দাগের জমি ১নং বিবাদী গাজী হুমায়ুন কবির বুলু দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভোগ দখল করে আসছেন।
শনিবার সকালে ওই জমিতে বাদীপক্ষ সীমানা পিলার নির্মাণের জন্যে শ্রমিক নিয়োজিত করে কাজ করতে গেলে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু তার সহযোগিদের সাথে নিয়ে কাজে নিয়োজিত শ্রমিক রবিউল ও সাইফুল কে মারপিট ও নানাবিধ ভয়তীতি ও হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দিয়ে সরকারি কাজে বাঁধা সৃষ্টি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজী হুমায়ুন কবির বুলু বলেন, ঘটনার বিষয়ে প্রথমে আমি জানতাম না। পরে কয়েকজন ভ্যান,ইজিবাইক ও মাহেন্দ্র চালক এসে আমাকে জানালো তাদের স্ট্যান্ডে(গাড়ি রাখার জায়গা) মেইন রাস্তার জায়গা খেষে সীমানা পিলার নির্মাণের জন্যে কয়েক জন ব্যক্তি মাটি খোড়া-খুড়ি করছে।
খবর পেয়ে আমি ঘটনাস্হলে উপস্হিত হয়ে দেখি পানি উন্নয়ন বোর্ডের লোকজনদের সাথে স্হানীয় ড্রাইভার ও সাধারণ মানুষের সাথে কথা কাঁটি চলছে। তিনি আরো বলেন,আমার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা জবর দখলের অভিযোগ সঠিক নয়।ওই জমি তিনি বৈধ ভাবে অবমুক্ত করে নামপত্তনসহ সরকারি কর খাজনা দিয়ে ভোগ দখলে আছেন। বিষয়টি নিয়ে খুলনার সিনিয়র সহকারি জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, শ্রমিকদের মারপিট ও সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মোজাম খান নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।