খুলনা মহানগরীতে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩কোটি ৯লাখ ৩৯ হাজার ১৫০ টাকা আত্মসাতের অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে নগরীর দৌলতপুর থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে মামলা দায়েরের মাধ্যমে তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, এস এম শরিফুল ইসলাম বনি (৫৪) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৯)। খুলনার দৌলতপুরে তাদের শাহারবানু সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সমবায় প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে তারা মানুষের টাকা আত্মসাৎ করেছেন।
দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদ্বয় একটি নামধারী প্রতিষ্ঠানের খুলে বিভিন্ন জনকে প্রলোভন দিয়ে ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন ১০ জন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে এস এম আজাহারুল ইসলাম নামের এক ব্যক্তি বাদি হয়ে, তিনিসহ ৯ জনের পক্ষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গ্রেফতার স্বামী ও স্ত্রী বসত বাড়ী বিক্রি করে ফেলেছেন। তারা অন্যের টাকা আত্মসাৎ করে বিদেশ পালিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যে পাসপোর্টও বানিয়েছেন। যা পুলিশ জব্দ করেছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।